ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকার একটি ব্যাটারি-টায়ারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় মুনসুরাবাদ হাউজিংয়ের ১০ নম্বর রোডের ওই দোকান থেকে নগদ টাকাসহ অন্তত ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়।
পরে সোমবার (২৩ মার্চ) আদাবর থানায় মামলার আবেদন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহিন (৩৯)। তবে ঘটনার দুই দিনেও মামলা রেকর্ড হয়নি।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্রের সদস্যরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের সামনে রাখে। এরপর মালামাল ওই ট্রাকেই তুলে নেয়। এই ঘটনার সময় একটি পিকআপ ওই ট্রাকের পাশ দিয়ে বিপরীত দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিসিটিভিতে দৃশ্যমান পিকআপটি পুলিশের টহল গাড়ি। ঘটনার পর পুলিশকে ফোন করা হলে ওই গাড়িতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
গভীর রাতে এমন চুরির ঘটনা পুলিশের চোখে পড়েনি কেন জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বলেন, ‘টহল দলটি হয়তো ধারণা করেছিল ট্রাকটি ওখানে পার্কিং করে রাখা হয়েছে।’
মামলার বিষয়ে ওসি বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি আমার নজরে ছিল না। শিগগিরই মামলা রেকর্ড করা হবে। এছাড়া ট্রাকটি শনাক্তে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’
এদিকে মামলার আবেদনে ব্যবসায়ী শাহিন উল্লেখ করেন, অন্যান্য দিনের মতো রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এরপর রাত ২টায় চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিতে ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত কোন ফুটেজ পাওয়া যাচ্ছে না। এই সময়ে দোকান থেকে ১৫ থেকে ১৬ লাখ টাকার মালামাল এবং অনুমানিক ২ লাখ ২০ হাজার নগদ টাকা চুরি হয়।
৫ থেকে ৬ জন লোক একটি ট্রাক নিয়ে চুরি করতে আসে। এসময় পাশের ভাঙ্গারি দোকান এবং রিক্সার গ্যারেজের লোক চোরদের ধাওয়া দেয়। তখন তারা ট্রাকের নাম্বারটি দেখতে সক্ষম হয়। ট্রাকের ছবি অপর একটি সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া গেছে।

-69c28e324b52e.jpg)