হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের সড়কের মন্দিরসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন বুলেটের বাড়ি ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন-১৫ এলাকায়। তিনি ওই এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশাচালক ইব্রাহিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে অটোরিকশা গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলেন তিনি। এ সময় হাজারীবাগ পার্কের পাশের রাস্তার মন্দিরের গলিতে সাগরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
তিনি আরও জানান, পরে স্থানীয় আরেক ব্যক্তির সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আহত যুবককে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলে তিনি অটোরিকশায় করে রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ইব্রাহিম বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাগরকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনার খবর পান। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তিনি বলেন, সাগরের নির্দিষ্ট কোনো পেশা ছিল না। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতেন। বেশ কিছুদিন ধরে তিনি একটি গাড়ির হেলপার হিসেবে কাজ করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
