Logo
Logo
×
   

রাজধানী

ফুলবাড়িয়ায় ট্রাফিক কনস্টেবলের প্রকাশ্যে ‘ঘুস’ গ্রহণ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম

ফুলবাড়িয়ায় ট্রাফিক কনস্টেবলের প্রকাশ্যে ‘ঘুস’ গ্রহণ

ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে প্রকাশ্যে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুস নেওয়া হচ্ছে। ছবি: যুগান্তর

রাজধানীর ফুলবাড়িয়া ট্রাফিক বক্সে প্রকাশ্যে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে ট্রাফিক বিভাগের কনস্টেবল বাবর আলীর বিরুদ্ধে। 

বুধবার (২৯ জুলাই) বিকাল ৪টা ৩৬ মিনিটে গুলিস্তানের ফুলবাড়িয়া ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।  

ঘটনাটির একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে মোটরসাইকেল চালকের কাছ থেকে টাকা গ্রহণের পর তার মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ফেরত দেওয়ার দৃশ্য দেখা যায়।

প্রতিবেদকের মোবাইল ফোনে ধারণ করা ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভিডিওর ৩৯ সেকেন্ডে এক মোটরসাইকেলচালক তার মানিব্যাগ থেকে ৫০০ টাকার একটি নোট বের করেন। এরপর ৪৯ সেকেন্ডে ওই চালক ট্রাফিক কনস্টেবল বাবর আলীর হাতে ৫০০ টাকার নোটটি দেন। একই সময়ে বাবর আলীর বাম হাতে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চালকের কাছে ফেরত দেওয়ার দৃশ্য দেখা যায়। কাগজপত্র বুঝে নেওয়ার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর প্রতিবেদক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে দ্রুত সেখান থেকে চলে যান। 

অভিযোগের বিষয়ে ট্রাফিক কনস্টেবল বাবর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ভিডিওটি দেখতে চান। ভিডিওটি দেখার পর তিনি বলেন, এটা সমাধানের ব্যবস্থা করেন। তবে ভিডিওতে দেখা যাওয়া টাকা গ্রহণের বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে ফুলবাড়িয়া ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম