Logo
Logo
×
   

রাজধানী

তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম

তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য পদে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী নতুন মনোনয়ন দিয়ে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তেজগাঁও কলেজের বর্তমান সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের  মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই সঙ্গে কলেজের সদস্য অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের মনোনয়ন পরিবর্তন করে তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম. জাফরুল আযমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নবগঠিত গভর্নিং বডির এ মনোনয়ন অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ ৩০ আগস্ট ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ অনুযায়ী ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ এ অফিস আদেশ জারি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম