Logo
Logo
×
   

রাজধানী

সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ঝটিকা অভিযান চলবে: সড়ক প্রতিমন্ত্রী

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০২:০৯ এএম

সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশে ঝটিকা অভিযান চলবে: সড়ক প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন হাবিবুর রশিদ হাবিব।

দেশে একের পর এক বড় দুর্ঘটনায় উদ্বেগ বাড়তে থাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ঝটিকা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন সড়ক, মহাসড়ক ও রেলপথ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, একটু অসতর্কতা বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে আর যেন কোনো পরিবারকে প্রিয়জন হারাতে না হয়, সে লক্ষ্যেই সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর মদিনাবাগ ওয়াসা রোডের পাগল চাঁদ হোটেলসংলগ্ন এলাকায় মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী জুলাইয়ের বীর যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

সড়ক নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত গতি, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো চালকের অবহেলা বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যেন আর একটি প্রাণও ঝরে না যায়, সে বিষয়ে সরকার আপসহীন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, চালক, মালিক ও সাধারণ মানুষেরও যৌথ দায়িত্ব।

হাবিবুর রশিদ বলেন, জনগণের ভোগান্তির কারণ হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী প্রশাসনকে মাদক কারবারি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই এসব অপরাধের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। 

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে হাবিবুর রশিদ বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম