সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা: ‘প্যারা পনি’ গ্রেফতার
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম
প্রধান শিক্ষক রনজিলা পারভীন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে সংঘটিত স্কুলশিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর বসিলা এলাকা থেকে ওই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে স্কুলশিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায় মো. পনি ওরফে প্যারা পনিকে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে তার এক সহযোগী ও ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান প্রধান শিক্ষক রনজিলা পারভীন। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

