Logo
Logo
×
   

রাজধানী

তৃতীয় টার্মিনালে সড়ক দুর্ঘটনা

চালকের অদক্ষতা নাকি অন্য কারণ, তদন্তে কমিটি

Icon

বিমানবন্দর প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

চালকের অদক্ষতা নাকি অন্য কারণ, তদন্তে কমিটি

ছবি: যুগান্তর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার পেছনে চালকের অদক্ষতা কিংবা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তৃতীয় টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল, চালকের দক্ষতা ও অভিজ্ঞতা কেমন ছিল এবং গাড়িটি কী কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এসব বিষয় তদন্ত করে দেখা হবে। পাশাপাশি গাড়িতে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না কিংবা তৃতীয় টার্মিনালের সড়ক ও অবকাঠামোগত কোনো সমস্যা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে তৃতীয় টার্মিনাল এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তৃতীয় টার্মিনালের অভ্যন্তরে যানবাহন চলাচলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম