Logo
Logo
×
   

সারাদেশ

ভাসানীকে অনুসরণ মানেই জিয়াউর রহমানকে অনুসরণ: দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

ভাসানীকে অনুসরণ মানেই জিয়াউর রহমানকে অনুসরণ: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা। জিয়াকে অনুসরণ করা মানে খালেদা জিয়া ও তারেক রহমানকে অনুসরণ করা। মওলানা ভাসানী মজলুমের জন্য, নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। জিয়াউর রহমান তাকে অনুসরণ করেই বিএনপিকে জনপ্রিয় করেছেন। ধানের শীষকে মানুষের হৃদয়ের প্রতীক হিসেবে পরিচিত করেছেন। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমরা নির্বাচনের আহ্বান জানালে কেউ কেউ বলে শুধু একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি গণঅভ্যুত্থান হয়নি। এটা পাগলের প্রলাপ। ১৬, ১৭ ও ১৮ বছর ধরে এ দেশে তারেক রহমান বিএনপিকে সংগঠিত করেছেন। রাজপথে আন্দোলন করেছেন, একটি ভালো নির্বাচনের জন্য, জনসমর্থিত একটি সরকার প্রতিষ্ঠার জন্য।

দুদু আরও বলেন, আজকের দিনটা খুনি, গণহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এতো স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো জায়গায় ঘটে থাকে কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি, কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য মাইনুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম