Logo
Logo
×
   

সারাদেশ

ভোট কেন্দ্রে সকালে সিসি ক্যামেরা স্থাপন, সন্ধ্যায় ভাঙচুর

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

ভোট কেন্দ্রে সকালে সিসি ক্যামেরা স্থাপন, সন্ধ্যায় ভাঙচুর

মাগুরা সদর উপজেলার পৌর এলাকার একটি ভোট কেন্দ্র্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জেলা রিটার্নিং অফিসার মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

তবে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ক্যামেরা ভেঙে ফেলে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে ওই এলাকার সব ভোট কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

 

দুর্বৃত্তদের হামলার শিকার ওই ভোট কেন্দ্রটিতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক ব্যক্তি বাঁশের লাঠির আঘাতে কেন্দ্রের একটি ক্যামেরা ভেঙে ফেলছেন। তবে আলোর স্বল্পতার কারণে ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। 

ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, কেন্দ্রটির সামনে একটি বড় খেলার মাঠ রয়েছে। পাশের রাস্তাটিও বেশ নিরিবিলি। বিধায় নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে তদারকির লক্ষ্যে ওই মাঠের এলাকা এবং পাশের রাস্তা নজরদারির জন্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতেই ক্যামেরা দুটির একটি ভাঙচুর করা হয়। সকালে বিদ্যালয়ের নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান।

প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে শনাক্ত করা হয়েছে যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত থাকতে পারে ধারণা করা হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .