আমার ভাই অপরাধ করলেও ছাড় নয়: এমপি আশফাক
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, আমার পরিবারের কেউ বা আমার ভাই অপরাধ করলেও ছাড় দেবেন না। আমার কোনো কাছের লোক বলতে কেউ নেই। দোহার নবাবগঞ্জের সব মানুষই আমার কাছে সমান।
সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং আইনশৃঙ্খলা সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, পুলিশের প্রতিনিধি উপ-পরির্দশক (এসআই) রাজিবুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান এবং ১৪টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এমপি আবু আশফাক বলেন, মাদক ব্যবসায়ী-সেবনকারী ও এদের মদদদাতারা যেন কোনো ছাড় না পায়। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে উগ্রবাদী চেতনা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রবেশের সুযোগ করে দিতে হবে।
তিনি আরও বলেন, দোহার নবাবগঞ্জের গণমানুষের দাবি ইছামতি নদীকে খনন করে নৌ চলাচলে উপযোগী করার প্রতিশ্রুতি শিগগিরই বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে। সিরাজদিখানের চিত্রকোট থেকে নবাবগঞ্জের কাঁশিয়াখালি বাঁধ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার অংশে নদীর নাব্য নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচির অংশ হিসেবে এটাই হবে আমার প্রথম উন্নয়ন কাজের সূচনা।
তিনি আরও বলেন, দলের নাম বা এমপির নাম ভাঙিয়ে সরকারি অফিস আদালতে বা থানায় কোনো প্রভাব খাটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি বলেন, আপনারা নির্ভয়ে কাজ করবেন। কেউ প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখাতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
