রোববার থেকে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাটকা ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে দুই মাসের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। শনিবার দিবাগত মধ্যরাত থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে জাটকা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে এই অভয়াশ্রমে জাটকা ইলিশ অবাধ বিচরণ করে ও বড় হয়ে ওঠে। এ সময় অভয়াশ্রমে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং জেলা পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হবে। নিয়ম অমান্যকারী জেলেদের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য্য শাহা জানান, এই দুই মাস কর্মহীন থাকা নিবন্ধিত জেলেদের জন্য সরকার খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। প্রত্যেক জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি করে চার মাসে মোট ১৬০ কেজি ভিজিএফের চাল প্রদান করা হবে।
তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক জেলে মেঘনায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করলেও নিবন্ধিত তালিকায় না থাকায় একটি বড় অংশ এই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।
