Logo
Logo
×
   

সারাদেশ

নগরকান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম

নগরকান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ

মহাসড়কের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ফরিদপুরের নগরকান্দায়  স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করার অভিযোগ উঠেছে। উপজেলার জয়বাংলা মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি জায়গা দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। 

অভিযুক্ত ইউনুস মোল্লা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয়রা জানান, উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করছেন ইউনুস। দলীয় প্রভাব খাটিয়ে তার দখলকৃত এসব জায়গা মহাসড়কের জন্য সরকারের অধিগ্রহণকৃত জমির অন্তর্ভুক্ত। 

খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জমির বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো বৈধ দলিল বা মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। স্থানীয়দের আশঙ্কা, মহাসড়কের সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ইউনুস বলেন, দখল শুধু আমি একা করিনি, আমার মতো আরও অনেকে করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপি করি। যেহেতু এটি সরকারি জায়গা, সরকার চাইলে যখন খুশি নিয়ে যেতে পারে, এতে আমার আপত্তি নেই।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, খোঁজ-খবর নিয়ে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম