যুগান্তরে সংবাদ প্রকাশের পর বিএনপি নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম
যুগান্তরে সংবাদ প্রকাশের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
‘নগরকান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে শনিবার (৭ মার্চ) দৈনিক যুগান্তর পত্রিকার ১২ পৃষ্ঠায় একটি সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও ‘নগরকান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ শুক্রবার (৬ মার্চ) যুগান্তর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়।
এরপর ৭ মার্চ (শনিবার) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশের সরকারি অধিগ্রহণকৃত জমিতে গড়ে তোলা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশনের সামনে এ জমি দখল করে এ দোকানঘর করা হয়েছিল।
শনিবার (৭ মার্চ) দুপুরে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকদের মাধ্যমে মহাসড়কের পাশে নির্মিত দোকানঘরের কাঠামো ভেঙে ফেলা হয়।
দলীয় প্রভাব খাটিয়ে দোকানঘর নির্মাণ করেছিলেন নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লা। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে তদন্ত করি। অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দোকানঘর অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি জমি দখল করে কেউ যেনো কোনো স্থাপনা নির্মাণ না করে, সে বিষয়ে নগরকান্দা উপজেলার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
