Logo
Logo
×
   

সারাদেশ

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: যুগান্তর

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় কারখানার সামনের মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। 

এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এ সময় থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করে এক পর্যায়ে মহাসড়ক থেকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ এসব পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ক্ষোভে তারা মহাসড়ক অবরোধ করেন। এর আগেও ১৪ ফেব্রুয়ারি মহাসড়ক অবরোধ করেছিল একই কারখানার শ্রমিকরা।

কারখানার কর্মী ইরা আক্তার বলেন, আমরা কাজ করি, আমাদের হাতে তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয়। মালিক টাকা পেলেও আমরা বেতন পাই না। এ চাকরি দিয়ে আমাদের জীবন-জীবিকা ও পরিবারের চাহিদা মেটে। ঈদ সামনে রেখে কেনাকাটার প্রয়োজন আছে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে তাও কেউ স্পষ্ট করে বলছে না। 

রফিকুল নামের এক শ্রমিক জানান, প্রায় তিন বছর ধরে তারা এ কারখানায় কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই কারখানায় নানা সমস্যা চলছে। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকদের পরিবার নিয়ে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে আগামীকাল বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

শেফার্ড গ্রুপ লিমিটেডের জিএম মোকলেছুর রহমান বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম