|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভিতর থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়।
জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বিআর সুপার পরিবহণ বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম বিআর সুপার পরিবহণ বাসে হেলপার হিসেবে কাজ করতেন। ওই বাসটি মেরামতের জন্য সোমবার সকালে বরুনকান্দি মোড়ে কালুর গ্যারেজে নিয়ে আসা হয় এবং সেখানে ইঞ্জিনের কাজ করা হচ্ছিল।
মঙ্গলবার সকালে ওই বাসের ছিটের উপর পড়ে ছিল তার লাশ। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্য কোনো বিষয় আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
