Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লায় বিপুল পরিমাণে হাঙরের পাখা ও সি হর্স উদ্ধার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

কুমিল্লায় বিপুল পরিমাণে হাঙরের পাখা ও সি হর্স উদ্ধার

বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮৩ কেজি হাঙরের পাখা এবং ৫ কেজি সি হর্স জব্দ করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হাঙরের পাখা (ড্রাইড সি শার্ক ফিন) ও বিরল প্রজাতির সি হর্স (ড্রাইড সি হর্স) উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে (৩১ মার্চ) উপজেলার শংকুচাইল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন শংকুচাইল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

অভিযানকালে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮৩ কেজি হাঙরের পাখা এবং ৫ কেজি সি হর্স জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক দেখানো হয়নি। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, বুড়িচং উপজেলার শংকুচাইল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাঙরের পাখা (ড্রাইড সি শার্ক ফিন) ও বিরল প্রজাতির সি হর্স (ড্রাইড সি হর্স) জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি দেখে পাচারকারীরা পালিয়ে যায়। 

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .