Logo
Logo
×
   

সারাদেশ

লক্ষাধিক টাকায় বিক্রি হলো পদ্মার রুই-কাতল

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

লক্ষাধিক টাকায় বিক্রি হলো পদ্মার রুই-কাতল

ছবি: যুগান্তর

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া বড় আকৃতির একটি কাতল ও একটি রুই মাছ মোট ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটি কিনেছেন দুই প্রবাসী।

জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টার দিকে পদ্মা নদীতে জেলে জমির হালদারের জালে প্রায় ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া একতা মৎস্য আড়তে আনা হলে আড়তদার রেজাউল ইসলামের তত্ত্বাবধানে উন্মুক্ত নিলামে কেজিপ্রতি ২ হাজার ২৫০ টাকা দরে মাছটি কিনেন মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি কাতল মাছটি ঢাকায় অবস্থানরত এক মার্কিন প্রবাসীর কাছে কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকায় মোট ৬৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

একই দিনে পদ্মা নদীতে জেলে তারা হালদারের জালে প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়ে। নিলামে কেজিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা দরে মোট ৪২ হাজার ৫২৫ টাকায় মাছটি কিনেন চান্দু মোল্লা। পরে তিনি কেজিপ্রতি ৩ হাজার ৩০০ টাকায় মোট ৪৪ হাজার ৫৫০ টাকায় মাদারীপুরের এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে মাছটি বিক্রি করেন।

আড়তদার রেজাউল ইসলাম বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড়-বড় মাছ ধরা পড়ছে। আজ সকালে আড়তে দুটি বড় মাছ আসে, যা উন্মুক্ত নিলামের মাধ্যমে চান্দু মোল্লা কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে বাজারে গিয়ে বড় দুটি মাছ দেখতে পাই। সর্বোচ্চ দর দিয়ে কিনে আমার ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও পোস্ট করি।

পরে আমেরিকা ও সিঙ্গাপুর প্রবাসী দুই ভাই যোগাযোগ করলে মাছ দুটি তাদের কাছে বিক্রি করি এবং বিশেষ ব্যবস্থায় তাদের ঠিকানায় পাঠিয়ে দিই।

স্থানীয়দের মতে, বড় আকারের পদ্মার মাছ প্রবাসীদের কাছে বেশি আকর্ষণীয় হওয়ায় এসব মাছের চাহিদা বাড়ছে। ফলে জেলে ও ব্যবসায়ীরা লাভবান হলেও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বড় মাছ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম