Logo
Logo
×
   

সারাদেশ

গ্রামীণ জনপদের উন্নয়ন হলে পরনির্ভরশীলতা কমে যাবে: প্রতিমন্ত্রী পুতুল

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১৩ পিএম

গ্রামীণ জনপদের উন্নয়ন হলে পরনির্ভরশীলতা কমে যাবে: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ছবি: যুগান্তর

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা চেষ্টা করছি এমন একটি দেশ গড়তে, যাতে অন্য কারও ওপর আমাদের নির্ভরশীল হতে না হয়। আমরা গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করছি।  গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে এবং পরনির্ভরশীলতা কমে যাবে।

সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ও জামনগর ইউনিয়নে বড়াল নদী অভিমুখী দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ যদি মাছ চাষ ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তাহলে আর কারও দিকে তাকিয়ে থাকতে হবে না। খাল খননের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ খালকে কেন্দ্র করে ভবিষ্যতে এ অঞ্চলে মাছ চাষ ও কৃষিকাজে পানির কোনো অভাব হবে না।

নারীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, নারীদের উন্নয়নে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিচ্ছি। 

নির্বাচনি এলাকায় মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এখানে প্রচুর মাংস উৎপাদন হয়। তাই মিট প্রসেসিং জোন স্থাপন করা অত্যন্ত জরুরি। আমাদের উৎপাদিত ফসল অনেক সময় কোল্ড স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যায়। আমরা পুরো নাটোর জেলার সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা করছি।

এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা মোশারফ হোসেন ও হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম