Logo
Logo
×
   

সারাদেশ

সিলেটে এটিএম আজহার

দেশি-বিদেশি ষড়যন্ত্রে জনগণের প্রকৃত রায় পালটে দেওয়া হয়েছে

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

দেশি-বিদেশি ষড়যন্ত্রে জনগণের প্রকৃত রায় পালটে দেওয়া হয়েছে

সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে বক্তব্য রাখছেন এ টি এম আজহারুল ইসলাম।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টিএম আজহারুল ইসলাম (এমপি) বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে জনগণের প্রকৃত রায় পালটে দেওয়া হয়েছে। দেশের মানুষ এখন বর্তমান সংসদের প্রধান বিরোধী দল ও একমাত্র আদর্শিক রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতের নেতৃত্বের অপেক্ষার প্রহর গুণছে। 

শনিবার সিলেট নগরীর রিকাবীবাজারের এম. সাইফুর রহমান অডিটরিয়ামে মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ টিএম আজহারুল ইসলাম বলেন, বিগত সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট দিলেও সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পালটে দেওয়া হয়েছে, তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তাদের পক্ষে কথা বলার ক্ষেত্রে জামায়াত কোনো আপস করবে না। 

তিনি দাবি করেন, দেশের জনগণ জামায়াতের নেতৃত্বের অপেক্ষার প্রহর গুণছে।  

তিনি আরও বলেন, সীমাহীন জুলুম-নির্যাতন, খুন-গুম ও শাহাদাতের বিনিময়ে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জামায়াত আজকের অবস্থানে দাঁড়িয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। আমি নিজেও ফাঁসির কাষ্ঠ থেকে আজকে জনপ্রতিধি নির্বাচিত হয়ে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। এটাই আল্লাহর বিচার। কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। দ্বীনের জন্য সবসময় জান ও মালের সাথে জীবন উৎসর্গ করাই ইসলামী আন্দোলনের শিক্ষা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

এ টি এম আজহারুল ইসলামকে জীবন্ত শহীদ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়ে আন্দোলন করায় কোনো ভয়ভীতি দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। 

সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান নতুন সরকারের সমালোচনা করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাতি একটি পরিবর্তনের স্বপ্ন দেখলেও বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করে ফের ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। 

সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও ন্যায়ভিত্তিক ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা। অতীতে জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াত আর্ত মানবতার কল্যাণে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

আরো বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আবদুল হাই হারুন, মধ্যপ্রাচ্য জামায়াতের দায়িত্বশীল মাওলানা আব্দুস সোবহান আজাদ, মহানগর নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম