Logo
Logo
×
   

সারাদেশ

শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৫৮ পিএম

শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা এবং সারা দেশে নারী-শিশু খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখা। 

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারীনেত্রী হীরামনি আক্তার হাসি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নারী সংগঠক মৌসুমি আক্তার মৌ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা। 
মহিলা ফোরামের নেতা হাসি আক্তার বলেন, রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার মধ্যে দিয়ে বর্তমান দেশের নারী শিশুদের জন্য কেমন পরিস্থিতি বিরাজ করছে তা পরিষ্কার হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় সাতজন শিশু ধর্ষণের পর হত্যার খবর এসেছে। তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  

মানববন্ধনে ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, ধর্ষণ-হত্যা ও নির্যাতনের অহরহ ঘটনা সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণে ঘটছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি, নানা সময় ধর্ষকদের পাশে ক্ষমতাসীনদের পক্ষ নেওয়া, পর্ণগ্রাফি, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন ও মাদক প্রসারের ফলে এটা বেড়েই চলছে। তিনি এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যার এক বছর অতিক্রান্ত হওয়ার পরও ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি, এই হলো বিচার ব্যবস্থা। নিপীড়ন যেভাবে বেড়েছে তার বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অতিদ্রুত ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম