Logo
Logo
×
   

সারাদেশ

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

Icon

বাসস

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৫৭ এএম

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

ইনতিশার হাসনাত জিমেল। ছবি: সংগৃহীত

জেলার কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত জিমেল (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) বিকালের দিকে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের বালুচর স্পটে এ দুর্ঘটনা ঘটে। 

ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মো. বেলাল উদ্দিন ও শাহীন আকতার নাছরিন দম্পতির ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী। বর্তমানে তারা চট্টগ্রাম মহানগরীর ডিওএইচএস এলাকায় থাকেন বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর অনার্স) শিক্ষার্থী ইনতিশার হাসনাতসহ চার বন্ধু মিলে রাঙামাটি বেড়াতে যায়। বিকালের দিকে তারা ইঞ্জিনচালিত নৌকায় করে কাপ্তাই হ্রদের বালুচর স্পটে ঘুরতে যান। এরপর সেখানে চারজনই কাপ্তাই হ্রদে গোসলে নামলে সাঁতার না জানার কারণে ইনতিশার হাসনাত পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে রাঙামাটি ফায়ার স্টেশন সার্ভিসের ডুবুরি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস জানান, কাপ্তাই হ্রদে একজনের ডুবে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের ডুবুরি দল বিকালে ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে কাপ্তাই হ্রদ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, লাশটি উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হলে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম