Logo
Logo
×
   

সারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে আবাসিক ঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী পরিবারটি মাত্র ১০ দিন আগে চাঁনপুর এলাকার আখতার উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। বৃহস্পতিবার সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পরিবারের ৪ জন দগ্ধ হন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, পরিবারটি রান্নাবান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করত। সকালে রান্নার উদ্দেশে দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ দাউ দাউ করে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা পরিবারের কর্তা, তার স্ত্রী এবং তাদের দুই সন্তান দগ্ধ হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, দগ্ধদের অবস্থা গুরুতর হলেও তারা আপাতত আশঙ্কামুক্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম