কুষ্টিয়ায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
কুষ্টিয়ায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
|
ফলো করুন |
|
|---|---|
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৃহবধূ মনোয়ারা খাতুনের (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমিরদিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, মনোয়ারা খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় দ্বিতীয় স্বামী আমিন ব্যাপারী পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ মনোয়ারা খাতুন মারা যান। এ ঘটনায় মনোয়ার খাতুনের ছেলের সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার পায় ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।
লাশ উত্তোলনের সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
