Logo
Logo
×
   

সারাদেশ

ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে প্রশাসন-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: আমান

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে প্রশাসন-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। ছবি: যুগান্তর

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসা, সন্ত্রাস কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৫ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, অপরাধী যদি বিএনপিরও হয়, তাহলেও তাকে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাব খাটানোর সুযোগ থাকবে না।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। একটি চক্র বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টির সুযোগ খুঁজছে। এ কারণে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাদকের প্রসঙ্গ তুলে এই বিএনপি নেতা বলেন, একটি সমাজকে ধ্বংস করার জন্য মাদকই সবচেয়ে বড় অস্ত্র। তাই ঢাকা-২ আসনের কোথাও মাদকের বিস্তার ঘটতে দেওয়া হবে না। মাদক বিক্রি বা এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী অবস্থান বিবেচনায় নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।

সভায় উন্নয়ন কার্যক্রম নিয়েও কঠোর অবস্থানের কথা তুলে ধরে আমান বলেন, জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এলাকার ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করতে হবে। উন্নয়ন কাজে গাফিলতি বা দায়িত্বহীনতার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের জবাবদিহিতা ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

তিনি আরও বলেন, সরকারি সেবাগুলো দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম