|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি স্কুলের পাশের ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একদল কুকুর টানাটানি করছিল বলে জানা গেছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন এলাকা থেকে সদ্যভূমিষ্ঠ ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ আগে কলেজের গেটের পাশে ময়লার স্তুপে একদল কুকুর একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের লাশ কামড়ে খাওয়ার চেষ্টা করছে। পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে দেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে লাশটি সেখানে ফেলে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নবজাতকের লাশ দাফন করা হবে।
