পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটককে হয়রানি, টিকটকার আটক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটক তরুণকে হাত ধরে নানাভাবে হয়রানি করার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের পর্যটন ভাবমূর্তি।
এ ঘটনায় জড়িত টিকটকার আব্দুল মাবুত হিরোকে (৪২) সোমবার দুপুরে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
আটক আব্দুল মাবুত জয়পুরহাট জেলার সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। এতে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।
পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশি হাজারও পর্যটক এখানে ভ্রমণে আসেন। সাম্প্রতিক এ ঘটনা পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পাহাড়পুর টুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর মেসবাহুল হক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
