শোক-শ্রদ্ধা-ভালোবাসায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম
শোক-শ্রদ্ধা-ভালোবাসায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী
|
ফলো করুন |
|
|---|---|
শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুমা তার জন্মস্থান ঢাকার নবাবগঞ্জের মধ্য বিলপল্লী বাইতুল আমান জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করা হয় দেশের শিল্প খাতের অগ্রদূত, সফল স্বপ্নসারথি এই আপসহীন উদ্যোক্তাকে।
আজ সশরীরে বেঁচে নেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম; কিন্তু রেখে গেছেন তার অমর সৃষ্টি বিশাল কর্মযজ্ঞ যমুনা গ্রুপের অনেক প্রতিষ্ঠান। আর এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অনন্তকাল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যার সওয়াব নুরুল ইসলামের আমলনামায় যোগ হবে বলে দোয়া করা হয়।
অনুষ্ঠানে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন মধ্য বিলপল্লী বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস।
স্থানীয় ছাত্রনেতা ইখতিয়ার উদ্দিন নাসিফের সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেলের সহযোগিতায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন- সিরাজুল ইসলাম (ইলাহী), ইমান ফকির, খোকন মাদবর, ইসাখ ফকির, ফজল মুন্সি, জাহাঙ্গীর সিকদার প্রমুখ।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নুরুল ইসলাম ইন্তেকাল করেন। পর দিন ১৪ জুলাই রাষ্ট্রীয় সম্মাননায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আপসহীন এই যোদ্ধা।
