পদ্মার দুই কাতলা ৮৪ হাজার টাকায় বিক্রি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ২০০ গ্রাম ওজনের দুইটি বড় আকৃতির কাতল মাছ। এর মধ্যে বড় কাতলটির ওজন ২২ কেজি এবং ছোটটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম।
ইরাক প্রবাসী গাজীপুরের বাসিন্দা ফয়সাল হোসেন অনলাইনে যোগাযোগ করে মাছ দুটি ৮৪ হাজার টাকায় কিনে নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান।
জানা গেছে, সোমবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়ার ধোপাগাথী চর এলাকায় সহযোগীদের নিয়ে জাল ফেলেন জেলে ফ্যালা হায়দার ও তার সহযোগীরা। সকাল ১০টার দিকে জালে সজোরে টান পড়লে তারা বুঝতে পারেন বড় কিছু আটকেছে। পরে জাল তুলে দেখা যায় বড় সাইজের কাতলা দুটি আটকা পড়েছে।
মাছ দুটি দৌলতদিয়া ঘাটে হালিম সরদারের মৎস্য আড়তে এনে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার টাকা কেজি দরে ৮০ হাজার টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান জানান, উন্মুক্ত নিলামে মাছ দুটি কিনে বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাছের ছবি আপলোড করি। সেটা দেখে ইরাক প্রবাসী ফয়সাল হোসেন যোগাযোগ করেন। পরে মাছ দুটি কেজিপ্রতি ১০০ টাকা লাভে ৮৪ হাজার টাকায় তার কাছে বিক্রি করি। এরপর গাজীপুরে তার বাড়ির ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছ দুটি পাঠিয়ে দেই।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, এখন বর্ষা মৌসুমে পদ্মায় বড় সাইজের রুই, কাতলা, ইলিশ, পাঙ্গাশসহ বিভিন্ন মাছ জেলের জালে ধরা পড়ছে। সারা বছর খুব একটা মাছ না পেলেও এ সময় জেলেরা বড় বড় মাছ ধরে লাভবান হন। তবে খুচরো ক্রেতা পর্যায়ে মাছগুলো একটু বেশি চড়া দামে বিক্রি হয়ে থাকে; যা সর্বসাধারণের নাগালের বাইরে।
