Logo
Logo
×
   

সারাদেশ

ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মো. মিজানুর রহমান (৬১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বুধবার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে বলে খবর আসে। এরপর বিজিবির মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়।  

পরে বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে আসলে বিজিবির টহল দল সন্দেহজনকভাবে তাকে থামায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক মিজানুরকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .