|
ফলো করুন |
|
|---|---|
কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্ম দেখা হয়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কৃষিঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, এই ঋণ নিয়ে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন, তারা মুক্ত হলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সার মজুত রাখা হয়েছে। কেউ যদি কোনো প্রকার কারসাজির চেষ্টা করেন, তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।
প্রসঙ্গত, উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষককে এই ঋণ মওকুফ সনদ দেওয়া হয়েছে। জেলার ২০ হাজার ৬৭১ জন কৃষক এই সুবিধা পাবেন।
একই অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।
