Logo
Logo
×
   

সারাদেশ

মাদক-চোরাচালানে ‘জিরো টলারেন্স’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

মাদক-চোরাচালানে ‘জিরো টলারেন্স’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

বক্তব্য দিচ্ছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। ছবি: যুগান্তর

সাতক্ষীরায় মাদক ও সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে জেলায় এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশের আয়োজনে মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, সীমান্ত চোরাচালান, অবৈধ ঘাট ও ঘাট মালিকদের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং অতীত সময়ে বিভিন্ন ধরনের হয়রানির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমরা চাই পুলিশ দৃশ্যমান থাকবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। যারা মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

ডিআইজি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ আরও সক্রিয় হবে। আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনাকারী বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সাতক্ষীরা জেলায় এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .