কারাগারে বন্দি স্ত্রীকে দেখতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
যুগান্তর প্রতিবেদন ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
রেজাউল করিম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবাসহ রেজাউল করিম নামে (২৮) এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে তাকে কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আরপি চেকপোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণে সন্দেহ করেন দায়িত্বরত কারারক্ষীরা। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালানো হলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, কারাফটকে তল্লাশি করে ইয়াবা পাওয়ায় তাকে আটক করে কারারক্ষীরা। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
