কর্ণফুলী নদীর মোহনায় আটকেপড়া সেই জাহাজ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম
স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় জাহাজটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কর্ণফুলী মোহনা-সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়।
|
ফলো করুন |
|
|---|---|
বন্দর চ্যানেলের লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কর্ণফুলী নদীর মোহনায় আটকে যাওয়া ‘এমভি সিএনসি ইউরেনাস’ নামের কনটেইনার জাহাজটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতভর উদ্ধার অভিযান শেষে জাহাজটিকে ব্রাভো অ্যাংকরেজে নোঙর করানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারী-২, কাণ্ডারী-৪, কাণ্ডারী-৬ ও কাণ্ডারী-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট শিবসা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’ উদ্ধার অভিযানে অংশ নেয়।
বন্দর সূত্রে জানা গেছে, মাল্টার পতাকাবাহী জাহাজটি চীনের শিকোউ বন্দর থেকে ১ হাজার ২৮২ টিইইউ (২০ ফুট সমমানের) কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় জাহাজটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কর্ণফুলী মোহনা-সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়।
জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। সোমবার দুপুরে জাহাজটি আটকা পড়ার পর বন্দর কর্তৃপক্ষ সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর চ্যানেল স্বাভাবিক ও সচল রেখেই গভীর রাতে জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। এতে স্বস্তি ফিরে আসে জাহাজটির নাবিকদের মধ্যে।
উদ্ধার অভিযানে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
