Logo
Logo
×
   

সারাদেশ

বামনায় জুলাই শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ উত্তোলন স্থগিত

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

বামনায় জুলাই শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ উত্তোলন স্থগিত

ছবি: সংগৃহীত

বরগুনার বামনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের লিখিত আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার।

আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (৪ আগস্ট) মরদেহ উত্তোলনের জন্য বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার এসআই মো. শহিদুল ইসলাম ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

এ সময় শহীদ ইসহাক জমাদ্দারের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্যরা ধর্মীয় অনুভূতি, সামাজিক বাস্তবতা এবং মানসিক কষ্টের বিষয় উল্লেখ করে মরদেহ উত্তোলনে লিখিতভাবে অসম্মতি জানান। পরিবারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিত রাখে।

এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মরদেহ উত্তোলন না করার আবেদন দেওয়া হয়। আবেদনটি গ্রহণ করা হয়েছে। আদালত থেকে পরবর্তী যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম