Logo
Logo
×
   

সারাদেশ

কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বস্তিতে জেলেরা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্বস্তিতে জেলেরা

ফাইল ছবি

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। 

প্রায় সাড়ে তিন মাস পর সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয় জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সোমবার মধ্যরাত থেকেই জেলেরা নৌকা ও জাল নিয়ে হ্রদে মাছ শিকারে নেমেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর থেকে জেলায় সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহণ করা যাবে। এতে স্বস্তি ফিরেছে জেলার জেলে ও মৎস্যজীবীদের মধ্যে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে প্রথমে ২৪ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ায় পরে ২৭ জুলাই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। এরই মধ্যে মাছের প্রজনন সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, কাপ্তাই হ্রদে মাছ আহরণের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলে, ব্যবসায়ীসহ মৎস্যজীবীরা সবাই নিজেদের পেশায় ফিরেছেন। আশা করি, সফলভাবে মৎস্য আহরণ করা যাবে। কাপ্তাই হ্রদে মাছ আহরণের এবারকার লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে বেশি। রাঙামাটি জেলায় প্রায় ২৭ হাজার জেলে কাপ্তাই হ্রদের মাছ আহরণের ওপর নির্ভরশীল।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, উৎপাদন ও বংশবৃদ্ধির লক্ষ্যে চলতি মৌসুমে ২৪ এপ্রিল থেকে সব ধরনের মাছ শিকার, আহরণ, বাজারজাত ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। ইতোমধ্যে মাছের প্রজনন মৌসুম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাই ১০ আগস্ট মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .