Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদা দাবির অভিযোগ তদন্তে গিয়ে পরিদর্শকসহ ৫ পুলিশ আহত, আটক ৭

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

চাঁদা দাবির অভিযোগ তদন্তে গিয়ে পরিদর্শকসহ ৫ পুলিশ আহত, আটক ৭

কোম্পানীগঞ্জ থানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে গেলে পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তরা হামলা চালিয়েছে। হামলায় পরিদর্শকসহ (তদন্ত) ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মওদুদ স্কুল সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ, এসআই আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ, ড্রাইভার ইছাক শেখ।

আটককৃতরা হলেন- ঘটনায় জড়িত বিবাদী ছেমনা খাতুন (৫০), বিয়াধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজি উল্লা (৭০), আবু সুফিয়ান (২৮), বোবা জাবের (৪৫)।

পুলিশ জানায়, বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে ৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৯-১০ জনকে অভিযুক্ত করে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির একটি অভিযোগ দায়ের করেন দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আফসার। অভিযোগ পেয়ে পরিদর্শকসহ (তদন্ত) পুলিশের টিম ঘটনাস্থলে যান তদন্তে। এ সময় দুইপক্ষকে কাগজ নিয়ে থানায় আসতে বলে ফেরার পথে বাদী নুরুল আফসার পুলিশকে ফোন দিয়ে জানান অভিযুক্তরা মাদ্রাসায় ঢুকে সিসিটিভি ভাঙচুর করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জিজ্ঞেস করতেই পুলিশের ওপর লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তরা। এতে পুলিশের ওই ৫ সদস্য আহত হন। পরে তারা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, এ ঘটনায় পুলিশ এসল্ট ঘটনার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .