৫ আগস্টে কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও দুজন গ্রেফতার, এখনো পলাতক ৩৯
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পালিয়ে যাওয়া ৮৭ বন্দির মধ্যে আরও দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) ও নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের বন্দি ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেফতার করা হয়। একই রাতে সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজা ভোগ করছিলেন। অন্যদিকে রফিকুল ইসলাম গাজী চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দণ্ডপ্রাপ্ত ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মোজাম ও রফিকুলসহ ৮৭ বন্দি কারাগার থেকে পালিয়ে যান। পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট মামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ৪১ জন পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে মোজাম ও রফিকুলকে গ্রেফতারের পর পলাতক বন্দির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯ জনে।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে কারাগার থেকে পালানো অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এ নিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির মধ্যে এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৩৯ জন এখনো পলাতক রয়েছেন।
