Logo
Logo
×
   

সারাদেশ

জয়পুরহাটের প্রত্যেক উপজেলায় ১টি করে প্রতিষ্ঠানে শতভাগ ফেল

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

জয়পুরহাটের প্রত্যেক উপজেলায় ১টি করে প্রতিষ্ঠানে শতভাগ ফেল

জয়পুরহাটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার পাঁচটি উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে কেউই পাশ করেনি। সবাই ফেল (অকৃতকার্য) করেছে। এই ৫ প্রতিষ্ঠানের মধ্যে একটি উচ্চ বিদ্যালয় ও অন্য ৪টি মাদ্রাসা।

জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলার মোট পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। সব পরীক্ষার্থী ফেল করা- এমন শিক্ষাপ্রতিষ্ঠান জেলার প্রত্যেক উপজেলায় একটি করে রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- জেলার সদর উপজেলার জয়পুরহাট আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদ্রাসা, ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদ্রাসা ও আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসা। 

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট সদরের আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৮ পরীক্ষার্থীর মধ্যে ৮ জন, পাঁচবিবির শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫ পরীক্ষার্থীর মধ্যে ৫ জন, কালাইয়েরপুর এমইউ ফাজিল মাদ্রাসার ২১ পরীক্ষার্থীর মধ্যে ২১ জন, আক্কেলপুরের গণিপুর দাখিল মাদ্রাসার ১৬ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন এবং ক্ষেতলালের কাপাসঠিকরি দাখিল মাদ্রাসার ৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। আর ১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, অনুপস্থিত ছিল।

এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র জয়পুরহাটের ‘আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা’ এমপিওভুক্ত নয় (নন-এমপিওভুক্ত)। তাছাড়া অন্য ৪ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত বলে জানা গেছে।

ফলাফল বিপর্যয়ের কারণে- এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ (কারণ দর্শানো) বা সতর্ক করে কোনো নোটিশ বা পত্র কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হাকিম বলেন, কারণ দর্শানো বা চিঠি দেওয়ার জন্য এখনো আদিষ্ট হইনি।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫ হাজার ৭৩৪ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন পরীক্ষার্থী। মোট পাশের হার ৬৭.৫৩ শতাংশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .