প্রশাসনিক কাজে বাধা এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সন্ত্রাসী, চাঁদাবাজি ও ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকালে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এ সময় নেতাকর্মীরা ‘চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না’, ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, অধ্যাপক ড. এমএম রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং ছাত্রদল নেতা ইব্রাহিম সর্দার শাকিলসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অনৈতিক সুবিধা হাসিল করতে না পেরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে সরকারি কর্মকর্তাদের নানাভাবে হয়রানি করছে। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে তারা নানা অপপ্রচারের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে বাধা, চাঁদাবাজি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। এসব অপচেষ্টা রুখে দিতে দলমত নির্বিশেষে রাজপথে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
