Logo
Logo
×
   

সারাদেশ

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্না, ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার

ফাইল ছবি।

১৫ আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেল রানা পবন ও তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল রানা পবন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উপজেলা সহ-সভাপতি। তার ভাই রুবেল মাহমুদ রতন বাহাদুরপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। 

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, পবন ও রতন দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে তারা নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। পরে ভেড়ামারা থানা পুলিশ ও কুচিয়ামোড়া ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফাতার করে থানায় নিয়ে যান। 

কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদের পাশে ১৫ আগস্ট উপলক্ষে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তারা সেখানে সংগঠিত হচ্ছেন, এমন তথ্য পাওয়ার পর ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়।

ভেড়ামারা থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .