Logo
Logo
×
   

সারাদেশ

এনসিপি নেতা তানভীরের জামিন নামঞ্জুর

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

এনসিপি নেতা তানভীরের জামিন নামঞ্জুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুরে শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে এক বিএনপি নেতা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। জামিন নামঞ্জুর করায় সংক্ষুব্ধ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, ন্যায় বিচার পেতে আগামী ৪ অক্টোবর পরবর্তী তারিখের আগেই জজকোর্টে জামিন প্রার্থনা করা হবে।

মামলা, স্থানীয় ও দলীয় সূত্র জানায়, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন। এতে সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। বগুড়ায় দলীয় নেতাকর্মীরা মহানগরীর সাতমাথায় গাজী সালাউদ্দিন তানভীরের ছবি ও কুশপুত্তলিকা দাহ করার পর তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় এনসিপির গত ৩১ জুলাই যুগ্ম সদস্য সচিব তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি ও দু’দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ করে। এ অবস্থায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল গত ২ অক্টোবর সদর থানায় তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। বগুড়া ডিবি ও সদর থানা পুলিশ গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান গত ১০ আগস্ট তানভীরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড প্রার্থনা করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও আসামি (তানভীর) পক্ষের অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, ফেসবুকে যে স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এ মামলা, সংশ্লিষ্ট আইডি ও ব্যবহৃত মোবাইল ফোনটি ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জব্দ করেছে। যার ফরেনসিক তদন্তের মাধ্যমেই সব তথ্য বেরিয়ে আসা সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিনদিনের রিমান্ডে নেওয়া ও জামিন না দেওয়া ন্যায় বিচারের পরিপন্থি।

তানভীরের দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে তিনি জানান, তাকে (তানভীর) দলীয়ভাবে কারণ দর্শানো নোটিশ করা হয়েছিল। গ্রেফতারের আগে তার কাছ থেকে মৌখিকভাবে যে ব্যাখ্যা পাওয়া গেছে, তাতে দলীয় নেতারা সন্তুষ্ট। তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব গ্রহণ করা সম্ভব হয়নি। লিখিত জবাব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার ওপর থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সুযোগ নেই।

এর আগে গত ২০২৫ সালের ২১ এপ্রিল দেশের বিভিন্ন জেলায় ডিসি নিয়োগ বাণিজ্য ও সরকারি পাঠ্যবই ছাপার কাগজে ৪০০ কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .