সুবর্ণচরে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন ব্র্যাককর্মী দাউদুল ইসলাম (৩০), গৃহবধূ তামান্না আক্তার (২৩) এবং শিশু হামিম (৩)। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
নিহত ব্র্যাককর্মী দাউদুল ইসলাম ফেনী জেলার সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সুবর্ণচরের ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ব্র্যাকের কাঞ্চন বাজার শাখায় কর্মরত ছিলেন। দুপুরে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।
এদিকে, একই ইউনিয়নের জাহাজমারা গ্রামের রিপনের স্ত্রী তামান্না আক্তার নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তামান্নার মৃত্যু হয়। এরপর তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে ময়নাতদন্তের জন্য পুলিশ তা উদ্ধার করে।
অপরদিকে, চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে হামিম (৩) পানিতে ডুবে মারা যায়।
চরজব্বার থানার ওসি রফিকুল হাসান বলেন, ব্র্যাককর্মী দাউদুল ইসলাম ও তামান্না আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ দুটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। শিশুটির লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

