কোম্পানীগঞ্জে মার্কেটে আগুন, আহত ২
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ওয়ালটন শোরুম, জুয়েলারিসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এর আগে সকাল ১০টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে এ আগুনের ঘটনা ঘটে। আহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) এবং হাজী এন্টারপ্রাইজের স্টাফ মো. রানা (২৮)।
এ ঘটনায়, মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ সময় ভবনের আবাসিক অংশে আটকে পড়া নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনের ধোঁয়া ও তাপে দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ভবনের নিচতলায় অবস্থিত ন্যাশনাল ক্রোকারিজের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন পাশের হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ওয়ালটন শোরুম, ডা. মতিন ডেন্টাল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটনেস জিম, স্কাই ভিউ স্টুডিও ও সেলুনসহ পুরো ভবনে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় ভবনটিতে ভাড়া থাকা পাঁচজন ব্যাচেলর ও একটি পরিবারের সদস্যসহ মোট ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

