|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ বাশিরুল ইসলাম বশির নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বশির রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। ২০২৪ সালের ২৪ অক্টোবর ওই আহবায়ক কমিটি গঠিত হয়েছিল। পরে আলাদা কমিটি হয়।
বশির রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম বদরুল ইসলাম। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তার রাজনৈতিক পরিচয় জানাতে পারেননি।
ওসি বলেন, বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ অভিযানে যায়। এ সময় তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বশিরকে আটক করা হয়। এ নিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, বশির থানা বিএনপির আগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। পরে যে কমিটি হয়েছে সেখানে তাকে রাখা হয়নি। এখন বিএনপিতে তার কোনো পদ নেই বলেও জানান মিজানুর রহমান।
