Logo
Logo
×
   

সারাদেশ

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

হিজাব পরে চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক যুবক। ছবি: যুগান্তর

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর রাতে হিজাব পরে একটি বাড়িতে প্রবেশ করে চুরি ও ছিনতাই চেষ্টার অভিযোগে দেশীয় অস্ত্রসহ আব্দুল মুমিন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

বুধবার (১৯ আগস্ট) দিনগত রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। 

আটক আব্দুল মুমিন ও তার পলাতক সহযোগী আরিফুল ইসলাম উভয়ই স্থানীয় বাসিন্দা হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রোয়ার গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের বাড়িতে দুই ব্যক্তি বোরকা ও হিজাব পরে প্রবেশ করেন। বাড়িতে ঢোকার পর তারা বেলাল হোসেনের স্ত্রী সাজেদা বেগমের কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। বিষয়টি বুঝতে পেরে সাজেদা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন।

গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ আব্দুল মুমিনকে ধরে ফেলেন স্থানীয়রা। তবে এ সুযোগে তার সহযোগী আরিফুল ইসলাম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মুমিনকে হেফাজতে নেয়। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, রাতে বোরকা ও হিজাব পরিহিত দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাত আনুমানিক ২টার সময় বেলালের বাড়িতে ঢোকার পর তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে চোরেরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে অস্ত্রসহ আটক করি। পালিয়ে যাওয়া অপর আসামিকেও দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গ্রামবাসীর সহায়তায় আটক মুমিনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .