রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করায় আনন্দ ও উচ্ছ্বাসে ভেসেছে তার নিজ জেলা কুড়িগ্রাম। দলীয় প্রধান ও শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় সিদ্ধান্ত প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে নবাগত ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদের সমর্থনে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কুড়িগ্রাম শহর।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে এক পথসমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- রাজপথের লড়াকু, পরীক্ষিত ও ত্যাগী নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে উপযুক্ত পদে মূল্যায়ন করে কুড়িগ্রামবাসীকে সম্মানিত করা হয়েছে। সংকটকালে দলের জন্য তার অবদান ও ত্যাগ চিরস্মরণীয়। এমন যোগ্য নেতৃত্বকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় তৃণমূলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আনন্দ মিছিল ও পথসমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

