Logo
Logo
×
   

সারাদেশ

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৫১ এএম

ড. মঈন খান মন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ

ঘোড়াশাল পৌর এলাকায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের পাঁচবারের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তার নির্বাচনি এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এ উপলক্ষে রাত ৯টায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এলাকাবাসী জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক। এর আগে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুনরায় তিনি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় এই অঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিকের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়া মানে নরসিংদীসহ সারা দেশের রাস্তাঘাট ও মানুষের জীবনমানের উন্নয়ন হবে। মঈন খান বিগত স্বৈরাচার সরকারের আমলে খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথের সামনের সারিতে দাঁড়িয়ে সব আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। ঠিক একইভাবে বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হয়ে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন বলে আমরা বিশ্বাস করি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .