গাজীপুরে নিটিং কারখানায় ডাকাতি, সুতা লুট
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
গাজীপুরে নিটিং কারখানায় ডাকাতি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি নিটিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গভীর রাতে কারখানার সীমানাপ্রাচীর টপকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল ছিল। কারখানায় প্রবেশের পর তারা নিরাপত্তাকর্মীসহ পাঁচজনের হাত-পা পাটের রশি ও ফেব্রিক্স দিয়ে বেঁধে ফেলে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে রাখে ডাকাতরা।
পরে কারখানার গেটের তালা কেটে ৭ হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। লুট হওয়া সুতার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
মির্জা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিসুল হক বলেন, রাত ৩টার দিকে কারখানা থেকে আমাকে ফোন করা হয়েছিল। কিন্তু মোবাইল চার্জে থাকায় আমি ফোনটি রিসিভ করতে পারিনি। পরে জানতে পারি, ডাকাত দল কারখানা থেকে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।
কারখানার নিটিং বিভাগের সহকারী অপারেটর রাব্বি বলেন, আমরা কারখানার ভেতরে ছিলাম। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল এসে আমাদের হাত-পা বেঁধে ফেলে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাশিমপুর মেট্রো থানার ওসি মোল্লা খালিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
