Logo
Logo
×
   

সারাদেশ

সখীপুরের মানুষকে হয়রানি না করতে বন বিভাগকে আহমেদ আযমের আহ্বান

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

সখীপুরের মানুষকে হয়রানি না করতে বন বিভাগকে আহমেদ আযমের আহ্বান

একটি এলাকাও উন্নয়নবঞ্চিত থাকবে না বলেন আহমেদ আযম খান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বন বিভাগের কর্মকর্তারা যেন সখীপুরের সাধারণ মানুষকে হয়রানি না করেন। তিনি বলেন, আপনারা আপনাদের কাজ করুন, আমার জনগণকে হয়রানি করবেন না। আমার জনগণ শান্তিতে থাকতে চায়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, যে বনের আইন বিলুপ্ত করার কথা বলে ভোট নিয়েছি, তা নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে দুইবার সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেছি। যতবার সুযোগ পাব, পার্লামেন্টে বলব। আমি বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, প্রয়োজনে আবারও বলব।

তিনি আরও বলেন, এই সখীপুরের মানুষকে মুক্ত করা আমার দায়িত্ব ও কর্তব্য। ইনশাআল্লাহ, আমি তা পালন করব। আপনারা শান্ত থাকুন। আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। আপনাদের সেবা করে যাব—ইনশাআল্লাহ, এটাই আমার শেষ কথা।

উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সখীপুর আবাসিক মহিলা কলেজ সরকারি করার কাজ শুরু হয়েছে। শুধু এই কলেজ নয়, প্রধানমন্ত্রীর বদান্যতায় বাসাইল-সখীপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নকাজও শুরু হয়েছে।

তিনি বলেন, যেসব এলাকায় এখনও উন্নয়নবঞ্চিত রয়েছে, আপনারা একটু অপেক্ষা করুন। একটি এলাকাও উন্নয়নবঞ্চিত থাকবে না, ইনশাআল্লাহ।

সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসানসহ আরও অনেকে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সখীপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম