Logo
Logo
×
   

সারাদেশ

মিথ্যা মামলা করার পরিণতি

Icon

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

মিথ্যা মামলা করার পরিণতি

বরগুনার পাথরঘাটায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

একই মামলায় অভিযুক্ত তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, জরিমানার অর্থ আদায়ে কষ্টকর বিবেচনায় জরিমানার ২০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বাদীকে দেওয়ার নির্দেশনাও রয়েছে।

আদালত সূত্র ও মামলার নথি থেকে জানা যায়, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কুপধন এলাকার আ. সালাম (৬৫) বাদী হয়ে মো. নাসির মোল্লা (৪৪), মো. মাহমুদ উল্লাহ ওরফে আল আমিন (৩৭) এবং মোসা. রিনার (৩০) বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬(ক), ৩০৭, ৩৫৪ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার আরজিতে বলা হয়, গত ১৪ জুলাই বিকাল ৫টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা বাদীর পরিবারের সদস্যদের মারধর, হত্যার হুমকি ও এক নারীকে লাঞ্ছিত করেন। এ সময় একজনকে গুরুতর আহত করার অভিযোগও করা হয়। আহত ব্যক্তিকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়।

স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাদী আদালতের শরণাপন্ন হন। মামলার আরজিতে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।

তবে আদালতের বিচারিক কার্যক্রম শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম